হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নির্বাচিত হয়েছেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। গতকাল রবিবার সকাল ১০টার দিকে রাজধানীর খিলগাঁও মাদ্রাসায় মুহিব্বুল্লাহর সভাপতিত্বে হেফাজতের বৈঠক অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৪টার দিকে সংগঠনের খাস ও কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে আমির হিসেবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খাস ও কেন্দ্রীয় কমিটির সভা শেষে মুহিব্বুল্লাহকে আমির নির্বাচিত করা হয়েছে।
বৈঠকে কারাবন্দি নেতাকর্মীদের মুক্ত করা এবং কওমি মাদ্রাসা খুলে দিতে যথাযথ উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া মরহুম আল্লামা জুনায়েদ বাবুনগরীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনাসভা করার সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশ নেন মাওলানা নুরুল ইসলাম জিহাদী, আতাউল্লাহ হাফেজ্জী, অধ্যক্ষ মিযানুর রহমান চৌধুরী, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা মুহিউদ্দীন রব্বানী, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী প্রমুখ। গতকাল দুপুরে খাস কমিটির বৈঠক শেষ হয়। এরপর বিকাল ৩টার দিকে কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু হয়। ঐ বৈঠকে আমির হিসেবে মুহিব্বুল্লাহকে চূড়ান্ত করা হয়।
গত ১৯ আগস্ট হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেন। ঐদিন রাতেই আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে হেফাজতের ভারপ্রাপ্ত আমির ঘোষণা করা হয়। মুহিব্বুল্লাহ বাবুনগরী সম্পর্কে সদ্য মরহুম জুনায়েদ বাবুনগরীর মামা। তিনি হেফাজতের প্রধান উপদেষ্টার দায়িত্বে ছিলেন। তিনি ১৯৩৪ সালে ফটিকছড়ির বাবুনগর গ্রামে জন্মগ্রহণ করেন।
