আবারও ‘জোটবদ্ধ’ হয়ে আন্দোলনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে এর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সদ্যপ্রয়াত সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের স্মরণে গতকাল জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘শত নাগরিক’ জাতীয় কমিটি আয়োজিত আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন। স্মরণসভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শত নাগরিক কমিটির সদস্য সচিব কবি আবদুল হাই শিকদার।
বিএনপি মহাসচিব বলেন, দেশে একটা দানবীয় শক্তি আমাদের সব কিছু তছনছ করে দিচ্ছে। তারা সত্যিকার অর্থেই একটা ফ্যাসিবাদী রাষ্ট্র তৈরি করেছে। যার মূল লক্ষ্য হচ্ছে—একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা। তিনি বলেন, ভবিষ্যত্ বংশধরদের সত্যিকার অর্থেই একটা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ দিতে চাইলে আমাদের সবাইকে জোটবদ্ধ ও ঐক্যবদ্ধ হতে হবে। এখন রাস্তায় নামা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। এটা শুধু বিএনপি বা শুধুমাত্র বিরোধী দলকে নয়, সবাইকে রাস্তায় নামতে হবে। মির্জা ফখরুল বলেন, আজ যারা এখানে আছেন সুধীজন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সংবাদসেবী— প্রত্যেকেই আক্রান্ত হচ্ছেন। কেউ বাদ পড়ছেন না। সুতরাং সবাইকে নেমে আসতে হবে।
অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং জ্যেষ্ঠ সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, অধ্যাপক মাহবুব উল্লাহ প্রমুখ।
