পণ্যের দাম সরাসরি নিজস্ব অ্যাকাউন্টে নিতে পারবে না ই-কমার্স প্রতিষ্ঠানগুলো

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২৩:২০

গ্রাহকের কাছ থেকে পণ্য বা সেবার অগ্রিম মূল্য সরাসরি নিজস্ব ব্যাংক হিসাবের নিতে পারবে না ই-কমার্স প্রতিষ্ঠান। এছাড়া ঝুঁকি বিবেচনায় যথাযথ তদারকি নিশ্চিত করে লেনদেন করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল এ নির্দেশনা ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সরকার এর জারিকৃত ‘ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১’ এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারি করা নির্দেশনা এড়ানোর উদ্দেশ্যে কিছুসংখ্যক ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান নিজস্ব ব্যাংক হিসাবে গ্রাহক হতে পণ্য ও সেবা মূল্যের অগ্রিম অর্থ সরাসরি গ্রহণ করছে।

নির্দেশনায় আরো বলা হয়, ই-কমার্স প্রতিষ্ঠানের হিসাব পরিচালনার ক্ষেত্রে প্রদত্ত ট্রানজেকশন প্রোফাইলের যৌক্তিকতা যাচাই-বাছাই করতে হবে। পাশাপাশি লেনদেনের বৈশিষ্ট্য বিশ্লেষণ এবং সামগ্রিক ঝুঁকি বিবেচনায় নিয়ে যথাযথ তদারকি নিশ্চিতপূর্বক লেনদেন পরিচালনা করতে ব্যাংকগুলোকে   নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশাবলি অবিলম্বে  কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।