ইতালির উপকূলে ভাসমান জেলে নৌকা থেকে পাঁচ শতাধিক অভিবাসী উদ্ধার

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২৩:২১

ইতালির ল্যাম্পডুসা দ্বীপের কাছে একটি জেলে নৌকার ৫৩৯ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সাগরে ভাসমান অবস্থায় এত অভিবাসীকে একসঙ্গে উদ্ধারের এটিই প্রথম ঘটনা। নৌকায় নারী এবং শিশুও ছিল। তারা সবাই লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে শরণার্থী হবার আশায় যাচ্ছিল।

তারা ঠিক কোন দেশের নাগরিক তা এখনো জানা যায়নি, তবে এর আগে ইতালির উপকূল থেকে যেসব অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এবার উদ্ধার করা পাঁচ শতাধিক মানুষের মধ্যেও বাংলাদেশি রয়েছে। লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া কয়েক জন অভিবাসীর শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেছে। বিবিসির খবরে বলা হয়েছে, ইতালির কৌঁসুলিরা ঘটনার তদন্ত করছে। ডক্টরস ইউদাউট বর্ডারের একজন চিকিত্সক অ্যালিডা সেরা মিয়েরি বলেন, লিবিয়ায় যখন তারা সাগর পাড়ি দেবার জন্য অপেক্ষা করছিলেন তখন তাদের কয়েক জনকে শারীরিক নির্যাতন করা হয়।

ইতালির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, এই অভিবাসীদের কেউ মিথ্যে অভিযোগে লিবিয়ার কারাগারে ছিলেন কি না সেই সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মে মাসে কয়েক ঘণ্টার ব্যবধানে সহস্রাধিক অভিবাসী এই ল্যাম্পডুসা দ্বীপে এসে উপস্থিত হয়েছিলেন। এই দ্বীপে অভিবাসীদের একটি ক্যাম্পও আছে, যেখানে ৩০০-র মতো মানুষের জায়গা হতে পারে। বেশির ভাগ অভিবাসীই এমন দেশ থেকে আসছেন, যারা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করার যোগ্য নয়।