পরীমনির জামিন শুনানি দুই সপ্তাহ এগিয়ে ৩১ আগস্ট নির্ধারণ

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২৩:২২

মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন শুনানি প্রায় দুই সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। জামিন শুনানি দ্রুত করার প্রশ্নে হাইকোর্ট কর্তৃক রুল জারির পর এই সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ। সেই সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার শুনানির জন্য দিন ধার্য রাখা হয়েছে। ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল। তিনি বলেন, ৩১ আগস্ট জামিন আবেদনের ওপর শুনানি হবে।  গত ৪ আগস্ট রাতে বনানীর ১২ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে বিপুল মাদকসহ পরীমনিকে গ্রেফতার করে র্যাব। পরে তিন দফায় সাত দিন পুলিশ রিমান্ডে নেওয়া হয় তাকে। রিমান্ড শেষে গত ২১ আগস্ট পরীমনিকে কারাগারে পাঠানো হয়। এর আগে জামিন চাইলে তা খারিজ করে ঢাকা মহানগর হাকিম আদালত। পরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন চেয়ে আবেদন করা হয়। গত ২২ আগস্ট ঐ আবেদনের ওপর শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করে আদালত। পরে তার আইনজীবী মজিবুর রহমান জামিন শুনানি এগিয়ে আনার আবেদন করেন। কিন্তু তাতে সাড়া না পেয়ে হাইকোর্টে রিভিশন আবেদন করেন ঐ আইনজীবী। গত ২৬ আগস্ট পরীমনির জামিন শুনানি দুই দিনের মধ্যে কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। পহেলা সেপ্টেম্বরের মধ্যে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশকে রুলের জবাব দিতে বলা হয়। ঐ রুলের জবাব দাখিলের আগেই ঢাকা মহানগর দায়রা জজ জামিন আবেদনের শুনানি এগিয়ে আনেন।