চিত্রনায়িকা পরীমনির রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে। আবেদনে রিমান্ডে নেওয়ার বৈধতার প্রশ্নে রুল জারির জন্য আদালতে প্রার্থনা করেছেন আইনজীবীরা। আগামী পহেলা সেপ্টেম্বর মাদক মামলায় পরীমনির জামিন শুনানি দ্রুত করার প্রশ্নে জারিকৃত রুল শুনানির পর এই বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। গতকাল রবিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের দ্বৈত বেঞ্চে আবেদনটি উত্থাপন করা হয়।
মাদক মামলায় পরীমনিকে তিন দফায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকা মহানগর হাকিম আদালত। এই রিমান্ডে দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে হাইকোর্টে দাখিল করা আবেদনে। এতে বলা হয়েছে, একজন আসামিকে রিমান্ডে নেওয়া, না নেওয়ার প্রশ্নে আপিল বিভাগের নির্দেশনা রয়েছে। ঐ নির্দেশনা অনুযায়ী একজন আসামির রিমান্ড আবেদন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের করণীয় কি তা উল্লেখ রয়েছে। এছাড়া রিমান্ডের আবেদনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভূমিকার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে। কিন্তু পরীমনির মামলার ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের রায় লঙ্ঘন করে তাকে তিন দফায় ১৯ দিনের রিমান্ড চাওয়া হয়। এর মধ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আবেদনে বলা হয়েছে, আপিল বিভাগের রায় বা আদেশ মেনে চলা অধস্তন আদালতের বিচারকদের জন্য অবশ্যই কর্তব্য। কিন্তু একজন আসামিকে রিমান্ডে নেওয়া ও দেওয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা আপিল বিভাগের রায় প্রতি মুহূর্তে লঙ্ঘন করে চলেছেন।
আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে তিন আইনজীবী জেড আই খান পান্না, মো. শাহীনুজ্জামান ও সৈয়দা নাসরিন হাইকোর্টে এ আবেদন করেন।
মো. শাহীনুজ্জামান আদালতে বলেন, পরীমনিকে রিমান্ডে নেওয়ার বৈধতার বিষয়ে একটি আবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। তখন আদালত বলেন, জামিন আবেদন দ্রুত শুনানির প্রশ্নে জারি করা রুলের জবাব আসুক। তারপর এ বিষয়টি দেখব।
প্রসঙ্গত, রিমান্ডের রায়ে আপিল বিভাগ বলেছে, গ্রেফতার ব্যক্তিকে তার পছন্দসই আইনজীবী ও নিকটাত্মীয়ের সঙ্গে পরামর্শ করতে দিতে হবে। গ্রেফতার ব্যক্তিকে পুনরায় জিজ্ঞাসাবাদের (রিমান্ড) প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে কারাগারের অভ্যন্তরে স্বচ্ছ কাচনির্মিত বিশেষ কক্ষে জিজ্ঞাসাবাদ করতে হবে। জিজ্ঞাসাবাদের আগে ও পরে ঐ ব্যক্তির ডাক্তারি পরীক্ষা করাতে হবে। পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ উঠলে ম্যাজিস্ট্রেট মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেবেন।
গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে বিপুল মাদকসহ পরীমনিকে আটক করে র্যাব। এ ঘটনায় দায়ের করা মামলায় পরীমনিকে সাত দিনের রিমান্ডে পাঠায় ঢাকা মহানগর হাকিম আদালত।
