বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট নওশাদ আতাউল কাইয়ুম এখন লাইফ সাপোর্টে আছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার। তিনি বলেন, পাইলট নওশাদ এখন নাগপুরের কিংস ওয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
মাস্কাট থেকে ঢাকায় ফেরার পথে আকাশে ‘হার্ট অ্যাটাকের’ শিকার হন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই পাইলট। ১২৪ জন যাত্রী নিয়ে গত শুক্রবার সকালে মাস্কাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি।
মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়লে কোপাইলট কলকাতার এয়ার কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন এবং পরে নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে বিমানবন্দর থেকেই তাকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে তিনি কিংসওয়ে হাসপাতালের মেডিক্যাল সার্ভিসেসের পরিচালক সুভরজিত্ দাশগুপ্ত, ক্রিটিক্যাল কেয়ার ফিজিশিয়ান রঞ্জন বারোকার এবং বীরেন্দ্র বেলেকারের অধীনে চিকিত্সাধীন আছেন। তার চিকিত্সায় বোর্ড গঠন করা হয়েছে।
তাহেরা খন্দকার জানান, বিমানের দিল্লি অফিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাগপুরে আছেন। তিনি সার্বক্ষণিক পাইলট নওশাদের খোঁজখবর রাখছেন।
