অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে কাজ করতে হবে --------------স্পিকার

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২৩:২৬

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতার আদর্শকে ধারণ করে দেশের কল্যাণে নিরন্তর কাজ করে যেতে হবে। এজন্য যুব সমাজকে মত্স্য উত্পাদনে উত্সাহিত ও সম্পৃক্ত করতে হবে। কারণ, মত্স্য খাত বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত।

গতকাল রবিবার ‘জাতীয় মত্স্য সপ্তাহ-২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে স্পিকার ভার্চুয়ালি জাতীয় মত্স্য সপ্তাহের উদ্বোধন করেন এবং স্পিকারের পক্ষে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম জাতীয় মত্স্য পদক-২০২১ প্রদান করেন।

স্পিকার বলেন, প্রতিবছর মত্স্য সপ্তাহ পালন মত্স্য সম্পদের সংরক্ষণ ও উত্পাদন বৃদ্ধিতে এবং জাতীয় মত্স্য পদক মত্স্য চাষে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাঙালি জাতির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত মত্স্যসম্পদ রক্ষায় ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ স্লোগানকে সার্থক করে তুলতে স্পিকার সবার প্রতি আহ্বান জানান। সংসদ ভবন লেকে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, মহাশোল, সুবর্ণ রুই, পাবদা, গুলশা, গলদা চিংড়ির মোট ৯ হাজার ৮৩৫টি পোনা অবমুক্ত করা হয়।

মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু প্রমুখ।