রিজভীর নেতৃত্বে বিএনপির কালো পতাকা মিছিল

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২৩:২৬

বিএনপির প্রতিষ্ঠাতা ও মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে কুত্সা রটানো ও তার মাজার নিয়ে কটূক্তি এবং ষড়যন্ত্রের প্রতিবাদে কালো পতাকা হাতে নিয়ে গতকাল রবিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রায় ছয় মাস পর রাজপথে প্রকাশ্যে মিছিলের নেতৃত্ব দিলেন রিজভী।

গতকাল দুপুর ১২টার দিকে রাজধানীর রোকেয়া সরণি এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শ নেতাকর্মীর সমন্বয়ে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মূল সড়ক হয়ে সামনের দিকে কিছুদূর এগিয়ে শেষ হয়। মিছিলে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল আলম তেনজিং, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ, ফজলুর রহমান মনটু, শিমুল হোসেন, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক, কাফরুল থানা যুবদল সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাব্বী, কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন হোসেন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন বিল্লাহ, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির মুক্তাদিরুল ইসলাম প্রমুখ।