আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর থেকেই যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটোর সদস্য দেশগুলো নিজেদের সেনা, নাগরিক ও তাদের অনুগত আফগানদের সরিয়ে নিচ্ছে। যা শেষ হতে হতে আগামী ৩১ আগস্টের মধ্যেই। সবাই যখন আফগানিস্তান ছাড়ার পরিকল্পনায় ব্যস্ত তখন ভিন্ন কথা জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। কাবুলে নিজেদের দূতাবাস ও কূটনৈতিক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এরদোয়ান বলেছেন, ‘তুরস্ক আফগানিস্তানের রাজধানী কাবুলে পুনরায় তাদের দূতাবাস চালু করবে। সেখানে সব ধরনের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবো আমরা।’

স্থানীয় সময় রবিবার (২৯ আগস্ট) মন্টিনিগ্রো থেকে দেশে ফিরে তুর্কি গণমাধ্যম এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট এরদোয়ান এসব কথা বলেন।
এরদোয়ান বলেন, ‘যেকোনো দিন সিটি সেন্টারের দূতাবাসে ফিরে যাবে তুর্কি কূটনীতিকরা এবং সেখান থেকে স্বাভাবিক কূটনৈতিক কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আফগানিস্তানে যেকোনো উপায়ে সেখানে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যেতে চায় আঙ্কারা। পাশাপাশি ধারাবাহিকভাবে সেখানকার নিরাপত্তা পরিস্থিতিও পর্যবেক্ষণ করবো।’
তালেবানের সঙ্গে বৈঠক ও সম্পর্ক বাড়ানো প্রসঙ্গে এরদোয়ান বলেন, ‘আমরা এখন পর্যন্ত তালেবানের নতুন নীতির কথা শুনেছি। সেগুলো শুনে আমরা আশাবাদী। তবে তাদের কর্মকাণ্ড আমরা পর্যবেক্ষণ করছি।’
ইত্তেফাক/টিআর
