কাবুলে ড্রোন হামলা চালিয়ে ইসলামিক স্টেট খোরাসানের এক সম্ভাব্য আত্মঘাতী বোমা হামলাকারীকে হত্যা করেছে বলে দাবি করছে মার্কিন বাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন বাহিনীর ভাষ্য, কাবুল থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের প্রক্রিয়ার মধ্যেই ওই জঙ্গি বিমানবন্দরে গাড়িবোমা হামলার প্রস্তুতি নিচ্ছিলো।
প্রতিবেদনে বলা হয়, রবিবার (২৯ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যার দিকে প্রথমে বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে আকাশে কালো ধোঁয়া উড়তেও দেখা যায়। তাৎক্ষণিকভাবে কেউ কেউ ওই ঘটনাকে রকেট হামলা ভাবলেও পরে মার্কিন বাহিনী জানায়, ইসলামিক স্টেটের আফগান শাখা আইএস-খোরাসানের সন্দেহভাজন অবস্থান লক্ষ্য করে তারা ড্রোন হামলা পরিচালনা করেছে।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে জানান, ওই হামলায় ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। নিশানা ছিল আত্মঘাতী এক বোমা হামলাকারীর গাড়ি। কাবুল বিমানবন্দরে হামলা করাই ছিলো তার লক্ষ্য। প্রাথমিক তথ্যে কোনো বেসামরিক নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। গাড়িটি থেকে দ্বিতীয় দফা বিস্ফোরণে বোঝা যায় যে, সেখানে যথেষ্ট পরিমাণ বিস্ফোরক দ্রব্যের উপস্থিতি ছিলো।
বিবিসি জানায়, সন্দেহভাজন এক আত্মঘাতী হামলাকারীর গাড়ি লক্ষ্য করে মারিকন ড্রোন হামলার কথা তালেবানের একজন মুখপাত্রও জানিয়েছেন।
সন্ত্রাসী হামলার সতর্কতার মধ্যেই গত বুধবার কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ১৭০ জনের অধিক মানুষের মৃত্যু হয়। পরে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএস এর খোরাসান শাখা সেই হামলার দায় স্বীকার করে।
ইত্তেফাক/টিআর
