‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ০০:৪০

রাজধানীর কদমতলীর রায়েরবাগে একটি বাসা থেকে জান্নাতুল ফেরদৌস (২০) নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দেওয়ালে লেখা ছিল—‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ মৃত্যুর আগে জান্নাতুল ঐ লেখা লিখেছে বলে ধারণা পুলিশ ও স্বজনদের। গতকাল রবিবার দুপুরে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় জান্নাতুলের লাশ উদ্ধার করা হয়। গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

জান্নাতুলের বন্ধু মো. রিপন জানিয়েছেন, এক তরুণীর সঙ্গে জান্নাতুলের প্রেমের সম্পর্ক ছিল। মাস তিনেক আগে তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। প্রেমের কারণে সে আত্মহত্যার পথ বেছে নিল কি না, তা নিশ্চিত নয় সে। তারা কয়েক জন বন্ধু কয়েক দিন আগে সিলেটে ঘুরতে গিয়েছিল। সিলেট থেকে শুক্রবার তারা ঢাকায় ফিরে আসে। জান্নাতুল একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিল। সে বাবা-মায়ের একমাত্র ছেলে। তার বাবার নাম লিটন বেপারী।

লিটন বেপারী জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে তার ছেলে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। সাধারণত সে সকাল ১০টা পর্যন্ত ঘুমায়। গতকাল ঐ সময় জেগে না ওঠায় তার মা ঘরে গিয়ে দেখেন ছেলে ফ্যানের সঙ্গে ঝুলছে।