হাশেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ড

পরিদর্শন অধিদপ্তরের গাফিলতি ছিল কি না দেখবে সংসদীয় কমিটি

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ০০:৪০

নারায়ণগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কোনো গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনার পর এ সিদ্ধান্ত গৃহীত হয়।

কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শাজাহান খান, শামসুন নাহার ও আনোয়ার হোসেন হেলাল অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নু গণমাধ্যমকে জানান, গত তিন বছরে কারখানা পরিদর্শকরা হাশেম ফুডস কারখানা পরিদর্শন করেছিলেন কি না, সংসদীয় কমিটি সেই প্রতিবেদন চেয়েছিল। তবে মন্ত্রণালয় তা দিতে পারেনি। সংসদীয় কমিটিকে মৌখিকভাবে জানানো হয়েছে যে,  তিন বছরে তিনবার পরিদর্শন করা হয়েছে। তবে এ-সংক্রান্ত কাগজপত্র দিতে না পারায় কমিটি সেটি গ্রহণ করেনি। কমিটির আগামী বৈঠকে এ-সংক্রান্ত কাগজপত্র চাওয়া হয়েছে বলে জানান চুন্নু।

সংসদীয় কমিটির বৈঠকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর জানায়, গত ৭ জুন সর্বশেষ ঐ কারখানা পরিদর্শন করা হয়। সেখানে শ্রম আইন ও বিধিমালা ভঙ্গ হয়েছে মর্মে কারখানাকে কারণদর্শাও  নোটিশ দেওয়া হয়। সেই নোটিশের জবাব না পাওয়ায় গত ৩০ জুন শ্রম আদালতে মামলা করে অধিদপ্তর।