আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত ছিল—এটা ঐতিহাসিকভাবে সত্য। আর এই সত্যটা বলায় আজকে বিএনপির কাটা ঘায়ে নুনের ছিটা লেগেছে। গতকাল বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও কদমতলী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ কুমার ভৌমিকের উদ্যোগে মেরাজনগর কমিউনিটি সেন্টারে জাতির পিতার শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনাসভায় তিনি একথা বলেন। আলোচনাসভা শেষে উক্ত এলাকার ২ হাজার অসহায় মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক আলহাজ মো. হুমায়ুন কবির, সহসভাপতি ডা. দিলীপ কুমার রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. জগলুল কবির প্রমুখ।
