আফগানিস্তানের পরিবর্তন ভারতের জন্য চ্যালেঞ্জ :রাজনাথ সিং

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ০০:৪২

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আফগানিস্তানে ক্ষমতার পরিবর্তন ভারতের জন্য একটি চ্যালেঞ্জ। এ পরিস্থিতি আমাদের কৌশল, নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য করছে। গতকাল রবিবার ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ ওয়েলিংটনের ফ্যাকাল্টি ও ছাত্রদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।

রাজনাথ সিং বলেন, আফগানিস্তানের সমীকরণ পরিবর্তন আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এই পরিস্থিতি আমাদের দেশকে নতুন করে কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। আমরা আমাদের কৌশল পরিবর্তন করছি। ‘কোয়াড’ এর গঠন সেই কৌশলেরই অংশ।

তিনি বলেন, সীমানায় চ্যালেঞ্জ সত্ত্বেও আজ ভারতের মানুষ আত্মবিশ্বাসী যে, জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা হবে না। এই বিশ্বাসটা এখন দৃঢ় হচ্ছে যে, ভারত শুধু নিজেদের দেশে সন্ত্রাসকে নির্মূল করবে তা-ই নয়, প্রয়োজনে অন্য দেশে ঢুকে জঙ্গিদের ধ্বংস করতে দ্বিধাবোধ করবে না। তিনি বলেন, আমি সশস্ত্র বাহিনীকে স্যালুট জানাতে চাই, কারণ তারা প্রতিবেশী দেশকে পরাস্ত করেছে। এই প্রতিবেশী দেশটি আমাদের দেশকে টার্গেট করেছিল।