উদ্ধার ফ্লাইটে কন্যা সন্তানের জন্ম দিলেন পালিয়ে আসা আফগান নারী

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ০০:৫১

আফগানিস্তান থেকে যুক্তরাজ্যে পালিয়ে আসার সময় এক আফগান নারী তিরিশ হাজার ফুট উচ্চতায় এক উদ্ধার ফ্লাইটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। টার্কিশ এয়ারলাইন্স জানিয়েছে, ২৬ বছর বয়সী সোমান নুরি কাবুল থেকে দুবাই হয়ে যুক্তরাজ্যের বার্মিংহ্যামে যাচ্ছিলেন। দুবাই থেকে ফ্লাইটটি বার্মিংহ্যামে যাওয়ার পথে মধ্য আকাশেই তার প্রসব বেদনা শুরু হয়। বিমানে কোন ডাক্তার ছিলেন না। তখন কেবিন ক্রুদের সহায়তায় তিনি সন্তান প্রসব করেন। তিনি তার শিশু কন্যার নাম রেখেছেন হাভা, ইংরেজীতে ইভ। টার্কিশ এয়ারলাইন্স জানিয়েছে, মা এবং শিশু দুজনেই সুস্থ আছে। সোমান নুরির সঙ্গে একই ফ্লাইটে তার স্বামী তাজ মোহাম্মত (৩০) এবং তাদের আরও দুই শিশু সন্তান রয়েছে। টার্কিশ এয়ারলাইন্স জানায়, অতিরিক্ত সতর্কতা হিসেবে এই ফ্লাইটটি কুয়েতে জরুরি অবতরণ করে। এরপর সেখান থেকে বার্মিংহ্যামে পৌঁছায় শনিবার স্থানীয় সময় দুপুর নাগাদ। এর আগে গত ১৯ আগস্ট আফগানিস্তান থেকে পালানোর পথে আরেক নারী যুক্তরাষ্ট্রের এক উদ্ধারকারী সামরিক বিমানে সন্তান প্রসব করেছিলেন। -বিবিসি