নিউজিল্যান্ডে ফাইজারের টিকা নেওয়ার পর নারীর মৃত্যু

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১৯:৪৪

রয়টার্স ও বিবিসি

ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা নেওয়ার পর এক নারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। দেশটিতে এটিই এ ধরনের প্রথম মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। নারীটির মৃত্যুর আসল কারণ কি, তা এখনো জানা যায়নি। তবে স্বতন্ত্র একটি ভ্যাকসিন নিরাপত্তা পর্যবেক্ষণকারী বোর্ড নারীটির মৃত্যু ‘সম্ভবত’ মায়োকার্ডিটিস বা হূদপিণ্ডের পেশিতে প্রদাহের কারণে হয়েছে বলে ধারণা দিয়েছে। ফাইজারের কোভিড টিকায় বিরল ক্ষেত্রে এ ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়।

মারা যাওয়া নারীর বয়স কত, তা জানানো হয়নি। নারীর আরো কিছু শারীরিক জটিলতা ছিল, ‘যা হয়তো টিকা নেওয়ার পরবর্তী পরিস্থিতিকে প্রভাবিত করেছিল’, বলেছে ভ্যাকসিন নিরাপত্তা পর্যবেক্ষণকারী বোর্ড।  এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নিউজিল্যান্ডে টিকা নেওয়ার কয়েক দিন পর মৃত্যুর প্রথম ঘটনা এটি। এর সঙ্গে ফাইজারের কোভিড-১৯ টিকার যোগ দেখা যাচ্ছে। সম্প্রতি টিকা নেওয়া আরো কয়েক জনের মৃত্যুর খবর পেয়েছে সেন্টার ফর অ্যাডভার্স রিঅ্যাকশনস মনিটরিং, কিন্তু ঐ মৃত্যুগুলোর কোনোটির সঙ্গেই টিকার যোগ আছে বলে মনে হচ্ছে না।’