‘অক্ষয় আমাকে অনেক কিছু শিখিয়েছেন’

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২০:২৩

 বিনোদন ডেস্ক

 

‘টয়লেট:এক প্রেম কথা’র পর আবারো ‘রক্ষা বন্ধন’ সিনেমাতে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে ভূমি পেডনেকারকে। তবে এবার সিনেমা নিয়ে নয়, এই সুপারস্টারের সঙ্গে তার বন্ধুত্ব নিয়ে শিরোনামে এলেন ভূমি। অক্ষয় তার ক্যারিয়ারের অনেকটা জুড়ে রয়েছেন—এমন মন্তব্য করে আলোচনায় এই অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমাদের বন্ধুত্ব অনেক গভীর হয়েছে। আমি তাকে অনেক সম্মানের জায়গায় রাখি। আমরা একসঙ্গে অনেক সফল কাজ উপহার দিয়েছি। আমার ক্যারিয়ারের বিরাট একটি অংশ হয়ে আছে অক্ষয়! তিনি আমার কাছে এমন একজন মানুষ, যিনি আমাকে অনেককিছু শিখিয়েছেন। তার প্রতি অনেক ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে।’ অক্ষয়ের সঙ্গে নতুন সিনেমায় আবার কবে দেখা যাবে?—এমন প্রশ্নে ভূমি আরো বলেন, ‘পরিচালক না বলা পর্যন্ত আমি নতুন সিনেমা নিয়ে কখনোই কোনো মন্তব্য করি না। তবে অক্ষয়ের সঙ্গে আবার কাজ করতে পারলে অনেক খুশি হবো। কারণ আমরা মন থেকে ভালোবেসে কাজটি করার চেষ্টা করি।’ উল্লেখ্য, এই জুটিকে শেষ দেখা গেছে ‘রক্ষা বন্ধন’ সিনেমাতে। এটি পরিচালনা করেছেন আনন্দ এল রায়।