স্নানঘরে স্বস্তি

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২০:৪০

 

আমাদের এই ব্যস্ত জীবনে ক্লান্তি থেকে একটু রেহাই পেতে আমরা স্বস্তি খুঁজি স্নানঘরে। একটা ঝকঝকে স্নানঘরে সতেজ পরিবেশ আমাদের ক্লান্তিকে অনেকটাই কাটিয়ে দিতে পারে। স্নানঘর হওয়া উচিত তেমনই।  

দৈনন্দিন ব্যবহারে অপরিচ্ছন্ন হয়ে পড়ে স্নানঘর। এতে সৌন্দর্য নষ্টের সঙ্গে জীবাণুও বাসা বাঁধে এই স্নানঘরে। তাই প্রতিদিন ঝটপট স্নানঘর পরিষ্কার করতে হয়। জেনে নিন স্নানঘর পরিষ্কারের নানা উপায়—

l স্নানঘরে প্রবেশমাত্র চোখের স্বস্তি হচ্ছে স্নানঘরের দেয়াল। দেয়াল হওয়া চাই পরিষ্কার। যদি নিয়মিত পরিষ্কার রাখা সম্ভব হয় তাহলে স্নানঘরের টাইলস হালকা রংয়ের হলে ভালো। স্নানঘরের দেয়াল নিয়মিত পরিষ্কার করতে ভিম পাউডার পানিতে মিশিয়ে স্পঞ্জ দিয়ে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে একদিন ভালোভাবে দেয়াল পরিষ্কার করুন।

l স্নানঘরের মেঝে হওয়া চাই ঝকঝকে। স্নানঘরের মেঝে যদি শুকনো থাকে তাহলে বেশ সতেজ লাগে। প্রতিদিন ব্যবহারের পর মেঝে ভালোভাবে চট দিয়ে মুছে নিন। অবশ্য বাজারে এখন নানা জিনিস পাওয়া যায় যেমন স্ট্যান্ডের সঙ্গে স্পঞ্জ যুক্ত করা থাকে। এগুলো দিয়েও বাথরুমের মেঝে শুকিয়ে ফেলতে পারেন। তাছাড়া পাউডার দিয়ে ব্রাশ দিয়ে ঘষে ভালোভাবে সপ্তাহে দু’বার মেঝে পরিষ্কার করুন।

l কমোড বা প্যান দীর্ঘদিন ব্যবহারে দাগ যেন না হয় খেয়াল রাখবেন। নিয়মিত ব্যবহারে তা যখন তার স্বাভাবিক রংয়ে থাকছে না; তখন লিকুইড ক্লিনার দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। কমোডের চারপাশ শুকনো রাখতে ছোট কার্পেট ব্যবহার করতে পারেন।

l বেসিনেও নানা দাগ হতে পারে। গুঁড়া সাবানের সঙ্গে লুিকইড ক্লিনার মিশিয়ে দশ মিনিট বেসিনে ছড়িয়ে রাখুন। তারপর ছোট ব্রাশ বা পুরোনো দাঁতের ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করুন। এভাবে টাইলসের ফাঁকে জমে থাকা ময়লাও পরিষ্কার করতে পারেন। বেসিন যতটা পারবেন পরিষ্কার ও শুকনো রাখুন। প্রয়োজেন বেসিন মুছতে বেসিনের কাছাকাছি ছোট একটা রুমাল বা তোয়ালে রাখতে পারেন। ছোট গ্লাসের টবে লাগাতে পারেন ছোট গাছ।

l স্নানঘর যদি ছোট হয় তবে এক সাইডের দেয়ালে আয়না লাগাতে পারেন। এতে স্নানঘর বড় লাগবে। কিন্তু শুধু আয়না লাগালেই হবে না। তা পরিষ্কারও রাখতে হবে। পানির ফোটা পড়ে অনেক সময় আয়নায় দাগ হয়। তাই খবরের কাগজ ভিজিয়ে আয়নাটি মুছে নিন।

l সাবানদানিতে সাবান জমে এক সময় তা শক্ত হয়ে যায়। কিছুদিন পর পরই শক্ত মাজুনি দিয়ে এগুলো পরিষ্কার করুন।

l স্নানঘরের পাইপ দিয়ে নানা ধরনের পোকামাকড় আসে। প্রতিদিন রাতে এই পাইপের ভিতর ফুটন্ত গরম পানি ঢেলে দিন। এতে পোকামাকড় আসার পথ বন্ধ হয়ে যাবে।

l স্নানঘর দুর্গন্ধমুক্ত রাখতে চাইলে তাজা ফুলের ব্যবস্থা রাখতে পারেন। এ ছাড়া কৃত্রিম সুগন্ধিরও ব্যবস্থা রাখতে পারেন।