৪ শতাংশ সুদ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য
ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে ৪ শতাংশ সুদে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরো ২০০ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন; যা বিতরণ শুরু সেপ্টেম্বর মাস থেকেই। এ ঋণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন প্রান্তিক অঞ্চলের এবং নারী-উদ্যোক্তারা। সরকারের দ্বিতীয় দফার প্রণোদনার আওতায় মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের জন্য দেওয়া হবে বলে জানিয়েছেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান।
বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান এবং মো. সিরাজুল হায়দার এনডিসি। প্রকৃত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি নিশ্চিত করতে মোট ঋণপ্রাপ্ত উদ্যোক্তাদের অর্ধেকই যেন ২০ লাখ টাকার কম ঋণ পান, নারী-উদ্যোক্তাদের মধ্যে মোট ঋণের ন্যূনতম ৩০ শতাংশ, এসএমই ক্লাস্টার উদ্যোক্তাদের ১০ শতাংশ, ম্যানুফ্যাকচারিং খাতের উদ্যোক্তাদের সবচেয়ে বেশি এবং ট্রেডিং খাতের উদ্যোক্তাদের ৩০ শতাংশ ঋণ বিতরণে নজর দেওয়ার পরামর্শ দেন ড. মো. মফিজুর রহমান। প্যাকেজের সর্বোচ্চ সীমা ৭৫ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকায় কমিয়ে আনা হতে পারে বলেও তিনি ধারণা প্রদান করেন।
এছাড়া আগে প্রণোদনার ঋণ না পাওয়া উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার জন্য তিনি পরামর্শ দিয়ে বলেন, আগামী ২ সেপ্টেম্বর ২০২১ এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের পরবর্তী সভায় ঋণ বিতরণের সংশোধিত নীতিমালা অনুমোদনের পর শিগগিরই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করা হবে। সেপ্টেম্বরের মাঝামাঝি ঋণ বিতরণ শুরু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ড. মো. মফিজুর রহমান আরো বলেন, গত অর্থবছরে ১০০ কোটি টাকা বিতরণের ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ ছিল, তা মোকাবিলা করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ২০০ কোটি টাকা বিতরণে আশাবাদী এসএমই ফাউন্ডেশন। তিনি আরো জানান, এবার প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তাদের ঋণের আওতায় আনতে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকসহ কয়েকটি নতুন সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সইয়ের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে এসএমই ফাউন্ডেশন।
