ভাগ্যের জোরে হার এড়ালেন সুয়ারেজরা

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২১:১৬

স্পোর্টস ডেস্ক

টানা তৃতীয় জয়ে শীর্ষে ওঠার সুযোগ ছিল অ্যাটলেটিকো ডি মাদ্রিদের। কিন্তু কীসের কী, ভিয়ারিয়ালের বিপক্ষে উলটো হারের শঙ্কায় ছিল লুইস সুয়ারেজরা। শেষ মুহূর্তে ভাগ্যের জোরে পাওয়া আত্মঘাতি গোলে হার এড়িয়ে কোনোমতে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দিয়েগো সিমিওনের দল।

ওয়ান্ডা মেট্রোপলিটানোয় গোলহীন প্রথমার্ধের পর ৫২ মিনিটে মানু ত্রিগুরোসের গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। চার মিনিট পর অ্যাটলেটিকোকে ম্যাচে ফেরান লুইস সুয়ারেজ। তবে ৭৪ মিনিট আরনোত দানুমার ফের এগিয়ে যায় ভিয়ারিয়াল। ঘড়ির সময় যাচ্ছিল ততই হারের কাছে ছুটছিল বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু অতিরিক্ত সময়ের শেষ মিনিটে সাউল নিগুয়েজের ক্রস হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান ভিয়ারিয়াল ডিফেন্ডার আইসা মন্দি। তাতেই গুঁড়িয়ে যায় ভিয়ারিয়ালের জয়ের স্বপ্ন।

এদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো যোগ দেওয়ার আগে প্রিমিয়ার লিগে জয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। ওলভসের বিপক্ষে ৮০ মিনিটে ম্যাসন গ্রিনউডের একমাত্র গোলে প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রতিপক্ষের মাঠে টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল রেড ডেভিলরা।

অন্যদিকে সিরি আ টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে এসি মিলান ও রোমা। সান সিরোতে  অলিভিয়ের জিরুর জোড়া গোলে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ক্যালিয়ারিকে ৪-১ ব্যবধানে হারায় মিলান। তাদের সমান চারটি গোল করে রোমাও। সবকটি গোলই এসেছে বিরতির পর। তবে কোনো গোল হজম করেনি জোসে মরিনিও শিষ্যরা। জোড়া গোল করেন লরেঞ্জো পেলেগ্রিনি।