মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
মিরসরাইয়ে খালের গর্ভে বিলীন হচ্ছে গ্রামীণ সড়ক। এতে দুর্ভোগে পড়েছেন তিন গ্রামের মানুষ। হিঙ্গুলী খালের পাশ দিয়ে হিঙ্গুলী ব্রিজ-ইসলামপুর সড়কটি পূর্ব হিঙ্গুলী, মোহাম্মদপুর ও ইসলামপুর গ্রামের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম।
জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল স্রোতের কারণে গত কয়েক বছরে ক্রমাগত ভাঙনের ফলে সড়কটি বিলীনের পথে। এখন খালের পাশের একটি বাড়িও বিলীন হওয়ার পথে। একসময় এই সড়ক দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করত। পাশাপাশি ইসলামপুর থেকে এই সড়ক দিয়ে হিঙ্গুলী ব্রিজ হয়ে করেরহাট বাজারে আসা-যাওয়া করত স্থানীয়রা। বর্তমানে সড়কটি দিয়ে পায়ে হেঁটে চলাচল করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন শিপন জানান, বেশ কয়েক বছর যাবত্ শুনে আসছি অবহেলিত এই সড়কের কাজ হবে কিন্তু কবে এই সড়কের কাজ হবে সেটা বলা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দা লিংকন জানান, আজ থেকে কয়েক বছর পূর্বে যে সড়ক দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করত সেই সড়ক খালের গর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা নাসির উদ্দীন কোম্পানি বলেন, অসুস্থ রোগী ও ভারী কোনো জিনিস আনা-নেওয়ার ক্ষেত্রে চরম দুর্ভোগের মধ্যে পড়েন তিন গ্রামের মানুষ। স্কুলছাত্রী ফারিয়া আক্তার বলেন, সড়কটি ভেঙে যাওয়ার পর থেকে স্কুলে যাওয়ার সময় ভয়ে ভয়ে যেতে হয়।
স্থানীয় মুক্তিযোদ্ধা কামাল পাশা বলেন, সড়কটি সংস্কারের বিষয়ে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে অবহিত করলে তিনি পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম জোনের প্রধান প্রকৌশলী বরাবর ডিও লেটার দেন। আশাকরি শিগিগর এই বিষয়ে সুখবর পাব।
হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন হারুন বলেন, বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষ থেকে ডিও লেটার দেওয়া হয়েছে। তবে সড়কের কাজের দায়িত্ব যদি এলজিইডি অথবা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে থাকত তাহলে আরো অনেক আগে সংস্কার হয়ে যেত। কারণ এটি পানি উন্নয়ন বোর্ডের অধীনে হওয়ায় একটু সময় লাগছে, আশাকরি অচিরেই কাজ হবে।
পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম জোনের সার্কেল-২-এর নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান বলেন, বিষয়টি সম্পর্কে আমি নিশ্চিত হয়েছি এবং উপ-বিভাগীয় সহকারী প্রকৌশলী আনিস হায়দার খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে আমাদের টিম ঘটনাস্থলে যাবে এবং আমরা কাজটি দ্রুত সম্পন্ন করতে চেষ্টা করব।
