নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে হবে .............. পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২১:২৪

বরিশাল অফিস

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর খাদ্যসহায়তা সাময়িক সময়ের জন্য। এ সহায়তাকে কাজে লাগিয়ে আপনাদেরকে স্বাবলম্বী হতে হবে। এর আগেও এ খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। তাই আপনাদের পরিশ্রমমুখী হয়ে নিজেদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে হবে। যাতে আপনারা আপনাদের পরিবারপরিজন নিয়ে সুখে শান্তিতে থাকতে পারেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর বান্দ রোডস্থ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে সরকারি তথ্য ও সেবা ৩৩৩-এ ফোন করা এক হাজার ব্যক্তির মধ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহারসামগ্রী খাদ্যসহায়তা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দিন পালটেছে। তার নেতৃত্বে দেশ স্বাবলম্বী হয়েছে। আগে আমরা ঋণ নিতাম। এখন সামর্থ্য হয়েছে অন্য দেশকে ঋণ দেওয়ার।

বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ, জেলা পুলিশ সুপার মারুফ হোসেন, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক, র্যাব-৮ এর মেজর জাহাঙ্গীর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভাগীয় পরিচালক আলমগীর খান আলো, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান প্রমুখ। এসময় ২০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি আলু, এক লিটার তেল, এক কেজি চিনি, এক কেজি লবণ ও একটি করে সাবান বিতরণ করা হয়।