পদ্মায় ধরা পড়ল ১৬ কেজির বোয়াল

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২১:২৬

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মায় চর মজলিশপুর এলাকায় ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি বোয়াল মাছ। সোমবার ভোররাতে জেলে পলাশ হলদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ ১৬ কেজি ওজনের মাছটি প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে ৩৫ হাজার ২০০ টাকায় কিনে ফেরিঘাটে তার মাছের আড়তে নিয়ে আসেন। এ সময় স্থানীয়রা মাছটিকে এক নজর দেখার জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে ভিড় করেন। মাছ ব্যবসায়ী শাজাহান শেখ পরে মাছটি ২ হাজার ৩০০ টাকা কেজি দরে ৩৬ হাজার ৮০০ টাকায় ঢাকার এক ব্যবসয়ীর কাছে বিক্রি করেন। এ বিষয়ে মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, ১৬ কেজি ওজনের মাছটি প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে ৩৫ হাজার ২০০ টাকায় মাছটি কিনেছি। মাছটি বেশি দাম পাওয়ার জন্য ঢাকার বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করে ২ হাজার ৩০০ টাকা দরে ৩৬ হাজার ৮০০ টাকায় বিক্রি করে মাছটি ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে পদ্মা ও যমুনা নদীতে মাঝেমধ্যে বড় বড় কাতলা, পাঙাশ, বোয়াল ও বাঘার জাতীয় মাছ ধরা পড়ছে।