লালমনিরহাটে অনলাইন আদালত ব্যবস্থাপনা চালু

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২১:২৮

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলা প্রশাসন বিচারিক সেবা সংক্রান্ত তথ্যাদি যাতায়াত, অর্থ ও সময় ব্যয় ছাড়াই সার্বজনীনভাবে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য অনলাইন আদালত ব্যবস্থাপনা সম্প্রতি চালু করেছে। এই কার্যক্রমের আওতায় বিচারপ্রার্থী যে কোনো ব্রাউজার থেকে ওয়েব লিংকে ক্লিক করে (http://onlinecourtlalmonirhat.com) সহজে অনলাইন কোর্ট, লালমনিরহাট ওয়েবপেজে প্রবেশ করতে পারবেন। এই ব্যবস্থাপনা চালুর সময়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বর্তমানে অতিরিক্ত জেলা (সার্বিক) মুহাম্মদ রাশেদুল হক প্রধান জানান, এই ব্যবস্থাপনা চালুর ফলে বিচারপ্রার্থী জনগণ সহজেই তাদের মামলা সংক্রান্ত তথ্যাদি জানতে পারছেন। এতে সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে। জেলা প্রশাসক আবু জাফর জানান, এই পদ্ধতি চালুর ফলে জনগণের ভোগান্তি কমেছে। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিচার কার্যক্রমে মৌলিক পরিবর্তন এসেছে।