সারিয়াকান্দিতে তলিয়ে গেছে ফসলের খেত

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২১:২৮

সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা

সারিয়াকান্দিতে সোমবার যমুনার পানি বিপত্সীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে নদীর পানি বৃদ্ধি পেতে থাকায় বিভিন্ন পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আশপাশের এলাকায় পানি প্রবেশ করে তলিয়ে গেছে ৭৫ হেক্টর জমির ফসলের খেত।

পানি উন্নয়ন বোর্ডের এসও আহসান হাবিব জানান, পানি বৃদ্ধি পেয়ে বাঁধের ডেবডাঙ্গা, কুতুবপুর, ঘুঘুমারি, চন্দনবাইশা, ইছামারা, দড়িপাড়া, হাওড়াখালি ও সহড়াবাড়ি পয়েন্টে সিপেস হচ্ছে (বাঁধের গোড়া দিয়ে পানি চোয়ানো)। ঐসব ঝুঁকিপূর্ণ পয়েন্টে জরুরি ভিত্তিতে পানি ডাম্পিং করা হচ্ছে এবং বাঁধ সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম জানান, যমুনার চরাঞ্চলের ছয়টি ইউনিয়নের ৭৫ হেক্টর জমির রোপা আমন, মাষকলাই ও বীজতলা বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে।