স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী মহানগরীর নওদাপাড়া এবং গোড়াগাড়ী থেকে সোমবার সকালে দুই জনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নওদাপাড়ার একটি গ্যারেজ থেকে নাইটগার্ড আনিসুর রহমানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে নগরীর শাহ্ মখদুম থানাপুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে, জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, গোদাগাড়ী উপজেলায় হাত-পা বাঁধা এক মত্স্য চাষির লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে গোগ্রাম ইউনিয়নের কালাদীঘি এলাকায় পুকুর পাড় থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত মত্স্য চাষি মো. মাসুদ উপজেলার দেওপাড়া ইউনিয়নের চাপাল গ্রামের বাসিন্দা। ধারণা করা হচ্ছে, রবিবার রাতে তাকে দুর্বৃত্তরা হত্যা করে লাশ ফেলে রেখে যায়।
