আত্রাই (নওগাঁ) সংবাদদাতা
আত্রাইয়ে নিষিদ্ধ রিংজাল দিয়ে অবাধে চলছে মাছ শিকার। সম্প্রতি কয়েক দিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে আত্রাই নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন খাল-বিলেও পানি বৃদ্ধি হচ্ছে। দেশি প্রজাতির বিভিন্ন মাছের বিচরণও বেড়েছে। এ সুযোগে অসাধু মাছ শিকারিরা নিষিদ্ধ রিংজাল দিয়ে অবাধে মাছ শিকার করে চলেছে। এতে করে উপজেলার হাজার হাজার জেলে পরিবার অসহায় হয়ে পড়ছেন। এ ব্যাপারে আত্রাই উপজেলা মত্স্যজীবী সমবায় সমিতির সভাপতি ভূষণ চন্দ্র হাওলদার বলেন, নদী ও খাল-বিলে আশঙ্কাজনক হারে রিংজালের ব্যবহার বেড়েছে। আর এ জালে সব ধরনের মাছ নিধন করা সম্ভব। এভাবে মাছ নিধন হতে থাকলে মত্স্যজীবীরা অসহায় হয়ে পড়বেন।
উপজেলা মত্স্য সিনিয়র কর্মকর্তা পলাশচন্দ্র দেবনাথ বলেন, বিভিন্ন স্থানে রিংজালের ব্যবহার হচ্ছে। আমরা এগুলোর প্রতিরোধে অভিযানও পরিচালনা করছি।
