লকডাউন উঠে যাওয়ার পর পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। জাতীয় জাদুঘরেও দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। স্বাস্থ্যবিধি মেনে কিংবা না মেনে অনেক দর্শক আসছেন ইতিহাস ও ঐতিহ্যের ধারক জাদুঘর দেখতে। কিন্তু অধিকাংশ দর্শক হচ্ছেন ভোগান্তির শিকার। জাদুঘরে সবকিছু বহাল তবিয়তে চললেও বহিঃবিভাগে নাই কোনো টিকিট কাউন্টার। বিকল্প হিসেবে অনলাইনে জাদুঘরের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে হয়, যার জন্য অবশ্যই স্মার্টফোন থাকা জরুরি। অনেক দর্শনার্থী আছেন, যাঁদের নিজস্ব স্মার্টফোন নেই। তাঁদেরকে অন্যের মুখাপেক্ষী হতে হচ্ছে একটা টিকিট সংগ্রহের জন্য। অনেকের স্মার্টফোন থাকা সত্ত্বেও টিকিট কাটার নিয়ম অবগত না থাকার জন্যও পড়তে হচ্ছে ভোগান্তিতে। জাদুঘরের গেটের পাশে সবসময় জটলা লেগেই থাকছে। জাদুঘরের ভিতরে স্বাস্থ্যবিধির ব্যাপারে কঠোরতা থাকলেও বাইরে নেই তেমন স্বাস্থ্যবিধির বালাই। ফলে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা থেকে যাচ্ছে। তাই অতি শীঘ্রই জাদুঘরে অফলাইন টিকিট কাউন্টার চালু করে দর্শনার্থীদের ভোগান্তি ও করোনা সংক্রমণের ঝুঁকি হ্রাস করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শাহ মুহাম্মদ আবদুল্লাহ
শিক্ষার্থী, দারুননাজাত সিদ্দিকীয়া
কামিল মাদ্রাসা, ঢাকা
