জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলরুমে ‘স্ফুলিঙ্গ’ এর পক্ষ থেকে ২৮ আগস্ট ‘নারীর বিরুদ্ধে মোরাল পুলিশিং, গণমাধ্যমের অসংবেদনশীলতা এবং আইন ও বিচার বিভাগে পক্ষপাতিত্বের বিরুদ্ধে আমরা’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। স্ফুলিঙ্গ নারীদের সম্মিলিত উদ্যোগে একটি স্বতঃস্ফূর্ত প্ল্যাটফরম, যা এই গোলটেবিল বৈঠকের মাধ্যমে আত্মপ্রকাশ করে। বৈঠকে সশরীরে এবং ভার্চুয়াল মাধ্যমে আলোচক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক সানজিদা নীরা, আইনজীবী সুলতানা আক্তার রুবি, আলোকচিত্রী এবং বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের সদস্য জান্নাতুল মাওয়া, বাংলাদেশ যুব ইউনিয়নের সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সদস্য লুনা নূর, নারী মুক্তি কেন্দ্রের ঢাকা নগরের সভাপতি তাসলিমা বিউটিসহ প্রায় ৪০ জন অ্যাকটিভিস্ট উপস্থিত ছিলেন। গোলটেবিল বৈঠকের শুরুতেই উল্লিখিত কর্মসূচির অবস্থানপত্র পাঠ করেন স্ফুলিঙ্গের সদস্য পূরবী তালুকদার। পুরো বৈঠকটি যৌথভাবে সঞ্চালনা করেন স্ফুলিঙ্গের সদস্য মোশফেকা আরা শিমুল ও ইশরাত জাহান উর্মি।
গোলটেবিল বৈঠকে বলা হয়, বিগত বছরগুলোতে বিভিন্ন ঘটনায় দেখা যাচ্ছে যে, নারীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মোরাল পুলিশিং এবং গণমাধ্যমে নারীর ব্যক্তিগত জীবনকে উন্মুক্ত করে কেলেঙ্কারিকরণের সংবাদ প্রচার করে সমাজের প্রচলিত পুরুষতান্ত্রিক জনমতকে প্রতিষ্ঠিত করা হয় এবং তাকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় প্রভাবশালীদের অপরাধকে আড়াল করার চেষ্টা করা হয়। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক আইনের অপব্যবহার করে নারীদের নাগরিক অধিকার ক্ষুণ্ন করার বিষয়টি প্রায়শই পরিলক্ষিত হচ্ছে। —প্রেস বিজ্ঞপ্তি
