খুলনায় মত্স্য সপ্তাহ উপলক্ষ্যে পুরস্কার পেলেন ৯ ব্যক্তিসহ চার প্রতিষ্ঠান

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২১:৪৬

 খুলনা অফিস

খুলনায় জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষ্যে সফল মত্স্যচাষি, ব্যক্তি, উদ্যোক্তা, প্রতিষ্ঠান, উত্পাদনকারী, রপ্তানিকারক ও সংগঠক হিসেবে অবদান রাখায় পুরস্কৃত হয়েছেন ৯ ব্যক্তি ও চার প্রতিষ্ঠান। সোমবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংশ্লিষ্টদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এতে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে সেরা সংগঠক হিসেবে মো. শামসুর রহমান শাহীন, সফল মত্স্যচাষি খুলনার দাকোপের মো. আবুল হোসেন, তেরখাদায় সফিকুর রহমান পলাশ, ডুমুরিয়ায় সমর কুমার দাশ, বটিয়াঘাটায় পঞ্চানন গাইন ও কয়রার সরদার শাহানুর আলম। পোনা উত্পাদনকারীদের মধ্যে ফুলতলার মো. জাহিদ হোসেন ও দিঘলিয়ার মো. আতিকুল ইসলাম এবং রপ্তানিকারকদের মধ্যে দাকোপের বি এম মনিরুল ইসলাম, খুলনার ফ্রোজেন ফুডস লিমিটেড,  রূপসার ফ্রেশ সি ফুডস লিমিটেড,  অর্গানিক শ্রিম্প সি ফুডস লিমিটেড, এটলাস সি ফুডস লিমিটেড ও শিরোমণির জয় ফিড লিমিটেড।

সভায় জানানো হয়, করোনায় এ বছর মত্স্য চাষিদের ১০০ কোটি টাকার অনুদান এবং খুলনা জেলায় ৯ হাজার ৮৫৮ জন মত্স্য চাষিকে ১৪ কোটি ২০ লাখ ১৩ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, খুলনা মত্স্য অধিদপ্তরের উপপরিচালক নারায়ণ চন্দ্র দাস, খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনের প্রফেসর গোলাম সরওয়ার মিঠু ও বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি এস হুমায়ুন কবির।