জগন্নাথপুর (সুনামগঞ্জ)
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামে শ্রীরামসী গণহত্যা দিবস আজ মঙ্গলবার। ১৯৭১ সালের ৩১ আগস্ট পাকহানাদার বাহিনী শান্তি কমিটি গঠনের লক্ষ্যে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজনকে শ্রীরামসী বাজারে জড়ো করে। এদের মধ্যে বেশির ভাগ লোক ছিলেন সাধারণ শান্তিপ্রিয়।
পাকহানাদাররা এ সময় শান্তি কমিটি না করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে এবং এক জনকে অন্য জনের সঙ্গে কঠিন বাঁধনে আবদ্ধ করে, তার পর নিঃসীম নীরবতায় দীর্ঘক্ষণ যাবত্ চলতে থাকে মেশিন গানের গুলি।
পাকহানাদাররা জনমানবহীন শ্রীরামসী বাজার ও গ্রামের অধিকাংশ ঘরবাড়ি পেট্রল ঢেলে জ্বালিয়ে দেয়। মুক্তিযুদ্ধের কাল পরে শ্রীরামসীর মানুষ শহিদদের স্মৃতিকে গণমানুষের হূদয়ে চির অনির্বাণ রাখার দৃপ্ত শপথে গণহত্যার বেদনাবিধুর এ দিনটিকে স্মরণ করতে শ্রীরামসী স্মৃতি সংসদ ও বধ্যভূমি সংরক্ষণ কমিটির আয়োজনে গণহত্যা দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
