কুমিল্লায় সাত মামলার পলাতক আসামি ইয়াবাসহ গ্রেফতার

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২১:৪৭

 কুমিল্লা সদর দক্ষিণ সংবাদদাতা

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর রেলস্ট্রেশন মসজিদের পাশ থেকে গত রবিবার রাত ১০টায় ১০০ পিস ইয়াবাসহ এলাকার চিহ্নিত মাদককারবারি নুরুল আলম ওরফে নুরা (৪০) কে গ্রেফতার করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী দৈনিক ইত্তেফাককে জানান, গত রবিবার রাত ১০টায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই খালেদ মোশাররফ ও কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শিবপুর গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র নুরুল আলম ওরফে নুরাকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃত নুরুল আলম ওরফে নুরার বিরুদ্ধে পাঁচটি মাদক ও দুটি জিআর মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।