রাবারড্যাম ব্রিজ রক্ষায় বালুবাহী ট্রলার চলাচল নিষিদ্ধের দাবি

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২১:৫৪

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গয়েশপুর এলাকায় খিরু নদীতে নির্মিত রাবারড্যাম ব্রিজটি বর্তমানে মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ২০১১ সালে নির্মিত ব্রিজটির নিচ দিয়ে অবৈধভাবে চলাচলকারী বালুবাহী ট্রলারের ধাক্কায় ব্রিজটির চারটি পিলার অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি মাসের মাঝামাঝি বালুবাহী একটি ট্রলারের ধাক্কায় পিকনিকের ইঞ্জিনচালিত নৌকা নিমজ্জিত হলে একজন চিকিত্সক নিহত ও তার সহযাত্রী একজন নিখোঁজ হন। গতকাল সোমবার গাজীপুর প্রেসক্লাবে স্থানীয় একটি গবেষণা সংসদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলা হয়।

সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী হাসান বিপ্লব জানান, বিভিন্ন সময় অবৈধভাবে চলাচলকারী বালুবাহী ট্রলারের ধাক্কায় ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অথচ কোনোভাবেই এ নৌযান চলাচল বন্ধ করা যাচ্ছে না।  এসব ট্রলার চলাচল নিষিদ্ধ করার জন্য জেলা প্রশাসক ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করা হয়েছে। তিনি ব্রিজটি রক্ষায় এর নিচ দিয়ে অবিলম্বে বালুবাহী ট্রলার চলাচল নিষিদ্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।