শিশুসহ গ্রেফতার ৫
মুন্সীগঞ্জ প্রতিনিধি ও টঙ্গিবাড়ী সংবাদদাতা
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ভিটি মালধা গ্রামে রান্না ঘরের ধোঁয়া বের হয়ে প্রতিবেশীর সীমানায় যাওয়া নিয়ে দ্বন্দ্বে খাদিজা বেগম নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে । এ ঘটনায় ঐ নারীর স্বামী বাদী হয়ে গতকাল টঙ্গিবাড়ী থানায় ছয় জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ পাঁচ আসামিকে গ্রেফতার করে মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো—ভিটি মালধা গ্রামের রমজান বেপারী, বকুল বেগম, নাজমুল হাসান অভি, আনোয়ার হোসেন ছৈয়াল ও আলী ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মুক্তার বেপারীর সঙ্গে প্রতিবেশী রমজান বেপারীর দীর্ঘদিন যাবত্ জমি নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে রান্না ঘরের ধোঁয়া রমজান বেপারীর বাড়িতে যাওয়া নিয়ে রবিবার সন্ধ্যায় দুই পক্ষ বিবাদে জড়ায়। এ সময় রমজান বেপারীর নেতৃত্বে মুক্তার বেপারীর স্ত্রী খাদিজাকে বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। খাদিজাকে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
নিহত খাদিজা বেগম তিন মেয়ে ও এক ছেলের জননী । টঙ্গিবাড়ী থানার ওসি (তদন্ত) মো. সফিউদ্দিন খান জানান, পিটিয়ে হত্যা করা নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আর নারীর স্বামীর দায়েরকৃত মামলায় এক শিশুসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। চার জনের রিমান্ড আবেদনসহ গ্রেফতার হওয়া আসামিদের মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
