আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে রাতের আঁধারে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে গৃহবধূকে বাথরুমের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে শামীম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে অভিযোগ দেওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামীম আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের মৃত আসকর আলীর ছেলে।
এ ঘটনায় ভুক্তভোগী নিজেই গতকাল অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি উল্লেখ করেন, এক সন্তানের জননী ২০ বছর বয়সের গৃহবধূ গত ২৫ আগস্ট রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে সেখান থেকে জোর করে বাথরুমে নিয়ে ধর্ষণ করে শামীম ও তার সহযোগী আনোয়ার। এ সময় চিত্কার করলে তাকে হত্যার হুমকি দেয় অভিযুক্তরা। এক পর্যায়ে ঘরে ফিরতে দেরি হওয়ায় ভুক্তভোগীকে তার স্বামী খুঁজতে এলে অভিযুক্ত শামীম ও সহযোগী আনোয়ার দৌড়ে পালিয়ে যায়। আড়াইহাজার থানার ওসি আনিসুর রহমান বলেন, ‘অভিযোগ পাবার পর আমরা প্রধান আসামিকে দ্রুত গ্রেফতার করেছি। বাকিদেরও দ্রুত গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।’
