লুইজিয়ানায় ঘূর্ণিঝড় আইডার আঘাত

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২২:৪৬

আমেরিকার লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আইডা’। এরই মধ্যে নিউ অরলিন্স শহরটির বিদ্যুত্ সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়েছে। শহরটিতে শুধুই জেনারেটর চলছে। উপকূলের নিম্নাঞ্চল ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন উপকূলীয় এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা করেছেন। খবর বিবিসির

আইউা নিউ অরলিন্স শহরে আঘাত হানার সময় বাতাসের বেগ ছিল ঘণ্টায় ১৫০ মাইল বা ২৪০ কিলোমিটার। যারা আশ্রয় কেন্দ্রে না গিয়ে শহরে রয়ে গেছেন তাদের নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে। গাছ ভেঙে পড়ে একজন মানুষের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। ২০০৫ সালে হারিকেন ক্যাটরিনার আঘাতে ১ হাজার ৮০০ মানুষ মারা যাওয়ার পর নিউ অরলিন্সে একটি বন্যা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা হয়েছে। হারিকেন আইডার মাধ্যমে সেই ব্যবস্থার একটা পরীক্ষা হয়ে যাবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আইডা প্রাণঘাতী হতে পারে, উপকূলে প্রচুর ধ্বংসযজ্ঞের আশঙ্কা ব্যক্ত করেছেন তিনি। লুইজিয়ানা রাজ্যে সাড়ে সাত লাখের বেশি মানুষ এখন বিদ্যুত্ বিচ্ছিন্ন। বাইডেন  বলেছেন, বিদ্যুত্ পুনঃবহাল করতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। মেক্সিকো উপসাগর থেকে শক্তি সঞ্চয় করে আমেরিকায় আঘাত করেছে আইডা। রবিবার ক্যাটাগরি-৪ হারিকেন হিসেবে এটি নিউ অরলিন্সে আঘাত করে। এই ক্যাটাগরির ঝড় ভবন, গাছপালা ও বিদ্যুত্ ব্যবস্থায় আঘাত হানে বলে আশঙ্কা করা হয়ে থাকে। তবে এখন এটা দুর্বল হয়ে ক্যাটাগরি-৩ হারিকেনের রূপ ধারণ করেছে। কোথাও কোথাও ঝড়ের কারণে সমুদ্রের পানি ১৬ ফুট পর্যন্ত উঠে গেছে, যার কারণে উপকূলের নিম্নভূমি প্লাবিত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিউ অরলিন্স এখন একটা ভীতিকর শহরে পরিণত হয়েছে, চারিদিকে অন্ধকার, বিভিন্ন জায়গায় ধ্বংসস্তূপ পড়ে আছে, গাছপালা পড়ে আছে পথে ঘাটে। তিনি লিখেছেন, রাস্তায় দাঁড়িয়ে থাকাও মুশকিল হয়ে গেছে। ৭০ মাইল বেগে বয়ে যাওয়া বাতাসের সঙ্গে বৃষ্টি। বেশির ভাগ মানুষ ঘরের ভেতর আশ্রয় নিয়েছে, তাদের জন্য হারিকেন জীবনের অংশ হয়ে গেছে।