নমুনা পরীক্ষা শনাক্ত ও মৃত্যু কমেছে

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২২:৫০

দেশে গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা, শনাক্ত রোগী এবং মৃত্যুর সংখ্যা আগের সপ্তাহের চেয়ে কমেছে। গত সপ্তাহ (২৩ আগস্ট থেকে ২৯ আগস্ট) পর্যন্ত দেশে করোনার নমুনা পরীক্ষা করা হয় ২ লাখ ১৯ হাজার ৮৭৬টি। যা তার আগের সপ্তাহ পর্যন্ত ছিল ২ লাখ ৪০ হাজার ৯৯৬টি। অর্থাত্ গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা তার আগের সপ্তাহের তুলনায় ৮ দশমিক ৭৬ শতাংশ কমেছে । একইভাবে গত সপ্তাহে করোনা নতুন রোগী শনাক্ত হয় ৩১ হাজার ৫৩৯ জন। যা আগের সপ্তাহে ছিল ৪৩ হাজার ৯৬ জন। গত সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যাও কমেছে ২৬ দশমিক ৮২ শতাংশ। গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে ৭৩৩ জনের মৃত্যু হয়। তার আগের সপ্তাহে মারা যায় ১ হাজার ১০৭ জন। গত সপ্তাহে তার আগের সপ্তাহের চেয়ে ৩৩ দশমিক ৭৯ শতাংশ মৃত্যু কম হয়েছে। গত সপ্তাহে সুস্থ হয়েছেন ৫১ হাজার ৮২৩ জন, আর তার আগের সপ্তাহে সুস্থ হন ৭১ হাজার ১৭৬ জন। আগের সপ্তাহের তুলনায় ২৭ দশমিক ১৯ শতাংশ রোগী কম সুস্থ হয়েছেন ।

এদিকে দেশে করোনা ভাইরাসে এক দিনে আরো ৯৪ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত ৩ হাজার ৭২৪ জন নতুন রোগী। টানা তৃতীয় দিনের মতো করোনায় দৈনিক মৃত্যু ১০০-এর নিচে রয়েছে। যদিও গত ২৪ ঘণ্টায় মৃত্যু তার আগের দুই দিনের চেয়ে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৪ জনের মধ্যে ৪৫ জন পুরুষ এবং ৪৯ জন নারী। এ নিয়ে সপ্তম দিনের দৈনিক মৃত্যুতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হলো। মহামারির দেড় বছরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে যত পুরুষ মারা গেছে, নারী মারা গেছে তার অর্ধেকেরও কম। কিন্তু ডেলটা ভ্যারিয়েন্টের বিস্তারের পর আগস্ট মাসেই নারীর মৃত্যু হার বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ৩০ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় এ পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৮২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭৪ শতাংশ।

গত এক দিনে যারা মারা গেছেন তাদের ৪৩ জন ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রামে ২৭ জন, রাজশাহী ছয় জন, খুলনায়  পাঁচ জন, বরিশালে এক জন, সিলেট সাত জন, রংপুরে এক জন এবং চার জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।