নেইমারের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন মেসি

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২২:৫৩

ফুটবল দুনিয়া দেখার অপেক্ষায় ছিল বার্সেলোনার পর পিএসজিতে গিয়ে মেসি কবে মাঠে নামছেন। আর্জেন্টিনাকে পছন্দ না করলেও মেসিকে ভালোবাসার মানুষের সংখ্যাটা গুনে শেষ করা যাবে না। মেসিকে পছন্দ করে না এমন মানুষ খুঁজে বের করা কঠিন। যদি দু-একজন থেকেও থাকেন তিনিও অপেক্ষায় ছিলেন পিএসজির জার্সিতে মেসির অভিষেক দেখবেন বলে। ফরাসি ফুটবলে পিএসজির জার্সি গায়ে মেসি দর্শন হয়েছে। এমবাপ্পের জোড়া গোলে ম্যাচ জিতেছে পিএসজি। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন এলএমটেন থেকে বদলে যাওয়া এলএমথার্টি।

পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত মেসিকে মাঠে নামাতে চাচ্ছিলেন না কোচ মরিসিনও পচেত্তিনো। কোচ যেখানেই যাচ্ছিলেন সেখানেই একটা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে—মেসি কবে নামছেন। এমনকি পিএসজির খেলার আগে সংবাদ সম্মেলন কিংবা        ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে একটা প্রশ্ন থাকতোই, মেসি কোন ম্যাচে নামছেন। শেষ পর্যন্ত মেসিকে দেখাতে বাধ্য হয়েছেন পিএসজির কোচ। প্রতিপক্ষ ছিল রাস। এই ক্লাবের মাঠ প্যারিস থেকে বাইরে। স্তাদে অগুস্তে দেলন স্টেডিয়ামে ২১ হাজার দর্শক ধারণক্ষমতার সব টিকিট আগেই বিক্রি হয়ে গিয়েছিল। অনেকেই ধরে নিয়েছিলেন মেসি খেলবেন, প্রথম ম্যাচ। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তাই হয়তো স্টেডিয়ামের সব সিট বুকড হয়ে গিয়েছিল। আর পিএসজিও তাদের সমর্থকদের চাপে ছিল মেসিকে নিয়ে। মেসি আগেই জানিয়েছিলেন তিনি পুরো ফিট না হয়ে মাঠে নামবেন না। মেসি তো এমন খেলোয়াড় না, যে কি না বদলি হিসাবে খেলতে নামবেন।

রবিবার রাতে পিএসজির প্রতিপক্ষ রাসের জালে দুই গোল হয়েছে। এমবাপ্পের জোড়া গোল দেখেছেন দর্শক। তখনো টেনশন কাটছিল না মাঠের দর্শকের, টিভির দর্শকের। উত্কণ্ঠা। কখন নামবেন ফুটবলের রাজপুত্র। মেসি নেমেছেন খেলার ৬৬ মিনিটে। তাও আবার নেইমারের মতো খেলোয়াড়দের বদলে মেসিকে নামাতে হয়েছে।

ততক্ষণে ডাগআউটে দাঁড়ানো কোচ পচেত্তিনোও বুঝে গিয়েছিলেন তার প্রতিপক্ষের ফেরার সুযোগ নেই। ধুম করে মেসিকে কল করলেন। প্রস্তুত হও। চতুর্থ রেফারি নম্বর প্লেট তুললেন ১০ নম্বর জার্সিধারি নেইমার বসবেন আর ৩০ নম্বর জার্সিধারী মেসি নামবেন। আর অমনি মেসি ভক্তরা রোমাঞ্চিত। ২১ বছর স্পেনের বার্সেলোনায় খেলেছেন। এই প্রথম বার্সার বাইরে খেলতে নামতে যাচ্ছেন মেসি। এমন উত্তেজনাপূর্ণ মুহূর্তটি ধরে রাখতে হাজার হাজার দর্শক সেলফোনে ছবি তুলে রাখলেন। শুরু হয়ে গেল ফুটবলে মেসির নতুন যুগের। নতুন মেসির সূচনা। অভিষেক দেখার প্রতীক্ষার পালাও শেষ হলো। ৩৪ বছর বয়সি এই আর্জেন্টাইন ফুটবলার বার্সেলোনা ছেড়ে আসতে বাধ্য হয়েছেন। নতুন চ্যালেঞ্জ নিয়ে ফরাসি ফুটবলের সৌরভ গায়ে মেখে শুরু হলে এলএমথার্টির ফুটবল ক্যারিয়ার।