পরিবর্তনের লক্ষ্যে ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ২০:২৯

উন্নয়নের জন্য পরিবর্তন— এমন স্বপ্ন নিয়ে ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার-এর পথচলা। আর এই পরিবর্তন ঘটাবে দেশের যুবসমাজ। কেবল বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে তাদের বিস্তার। ‘বদলে দিব নিজেকে, বদলে দিব পৃথিবী’—এই স্লোগান নিয়ে ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি ১৫ জন সদস্য নিয়ে আনুষ্ঠানিকভাবে বরিশালে অর্ধশত পথশিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম শুরু হয়। পিছিয়েপড়া জনগোষ্ঠী ও অসহায়দের মৌলিক চাহিদা পূরণ, দারিদ্র বিমোচন, খাদ্যের অভাব দূর করা, সবার জন্য সুস্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করা, পরিবেশ সুরক্ষিত রাখা, জলবায়ু পরিবর্তন রোধ, প্রাণির জীবনকে আশঙ্কামুক্ত রাখার মতো বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে সংগঠনটি। বর্তমানে দেশের ১৩টি জেলায় আলাদাভাবে কমিটি গঠনের মাধ্যম্যে দুর্যোগে সাহায্য, জনসচেতনতা বৃদ্ধি, বৃক্ষ রোপণ, অসহায়দের সহায়তা ও ঈদ উপহার প্রদানের পাশাপাশি পথশিশুদের জীবন মানোন্নয়নের জন্য কাজ করছে ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার। এছাড়াও বাংলাদেশসহ বিশ্বের ৭০টিরও বেশি দেশে এর পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবী রয়েছে। শিশু অধিকার, বনায়ন, জলবায়ু, এসডিজি এবং ইয়ুথ ফর ইয়ুথসহ  বেশ কয়েকটি প্রজেক্টের মাধ্যমে কাজ করছে তারা। ২০১৮ সাল থেকে নারায়ণগঞ্জ জেলা টিম ৬০ জন শিশুর পড়াশোনাসহ প্রাসঙ্গিক সবধরনের খরচ বহন করছে। তারুণ্যের পদক্ষেপ নামে একটি প্রকল্পের মাধ্যমে ২০১৯ সাল থেকে হতদরিদ্রদের মাঝে নিয়মিত খাবার বিতরণ করছে তারা। এবছরের জুলাই মাস জুড়ে তারা বাংলাদেশে ১৫টি জেলায় প্রায় বিশ হাজার মাস্ক বিতরণ করছে। বিভিন্ন আন্তর্জাতিক অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সম্মাননাও অর্জন করেছে সংগঠনটি। আইওয়াইসিএম বরিশাল জেলা শাখার সদস্য রাবেয়া বশরী মিনা মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা শিশু সাংবাদিক নির্বাচিত হন। সে বছরই আইওয়াইসিএম’র প্রতিষ্ঠাতা সজীব খন্দকার জুনায়েদ ইন্টারন্যাশনাল প্লান্ড প্যারেন্টহুড ফেডারেশন সাউথ এশিয়া রিজিওনাল অফিস’র আয়োজনে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) সহযোগিতায় ব্যাংককে পাঁচ দিনের ইয়ুথ কনসালটেশনে অংশগ্রহণ করেন। ২০১৮ সালে পোলেন্ড এবং ২০১৯ সালে স্পেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে তরুণদের পক্ষে আইওয়াইসিএম প্রতিনিধিত্ব করে। সম্প্রতি সংগঠনটি বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২১ অর্জন করেছে।