মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় পাহাড়পুর-বুধিরপাড়া ও ভাওড়া-কামারপাড়া দুটি রাস্তা ডুবে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষ চরম বিপাকে পরেছে। এদিকে বংশাই ও লৌহজং নদীর পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ফতেপুর, মহেড়া, জামুর্কি, বানাইল, ওয়ার্শি, আনাইতারা, বহুরিয়া ও লতিফপুর ইউনিয়নের অন্তত ৩০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
বুধবার ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমহজাদ হোসেন জানান, গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি এবং নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ভাওড়া-কামারপাড়া এবং পাহাড়পুর-বুধিরপাড়া রাস্তা ডুবে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্ষতি হচ্ছে ফসলি জমি, শাকসবজি, ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা। ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রউফ বলেন, বংশাই নদীর পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এই ইউনিয়নের ফতেপুর, থলপাড়া, চাকলেশ্বর, ঘোনাপাড়া, বৈলানপুর, পারদিঘী, হিলড়া আদাবাড়ি বাজার এলাকার মানুষ পানিবন্দি হয়ে পরেছে। ফসলের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি দেখা দিয়েছে নদীভাঙন। অপরদিকে গোড়াই, গাড়াইল, ত্রিমোহন, বাওয়ার কুমারজানি, ফিরিঙ্গিপাড়া, যুকিরকোপা, রশিদ দেওহাটা ও কোদালিয়া এলাকায় তীব্র ভাঙনে দিশেহারা হয়ে পরেছে শতাধিক পরিবার।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, উপজেলা প্রশাসন থেকে পানিবন্দি লোকজনের নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে তাদের সহযোগিতা করা হবে।
