নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় নিচু হয়ে গেছে নাগেশ্বরীরে রায়গঞ্জ ইউনিয়নের মধুরহাইল্য-রতনপুর কাঁচা সড়ক। সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দের। বর্তমানে কয়েক দিনের বৃষ্টিতে পানি জমে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় মিজানুর রহমান মিজান, আব্দুর রশিদসহ অনেকেই জানান, শুধু সড়কের দুর্ভোগের কারণে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে মন চায় না। রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আ স ম আব্দুল্লাহ আল-ওয়ালিদ মাসুম বলেন, উপজেলা প্রকৌশল দপ্তরে গেলে তারা শুধু বলে, সড়কটি পাকাকরণের জন্য প্রকল্প ধরা আছে। নাগেশ্বরী উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী আসিফ ইকবাল বলেন, আমি এখানে নতুন। সড়কটির ব্যাপারে কিছুই জানা নেই।
