পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২১:০৮

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় কামাল হোসেন নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। একটি পিকআপ ভ্যান ব্যাটারি চালিত রিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক কামালের মৃত্যু হয়। অন্যদিকে, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরশ্বানী এলাকায় কাভার্ডভ্যান পেছন থেকে সামনের আরেকটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে গাড়িটি সড়কের পাশে পড়ে যায়। এ সময় হেলপার মো. আনিস বাঁচার জন্য ঝাঁপ দিলে পেছন থেকে আরেকটি গাড়ি এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায়। মিয়াবাজার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক ওয়াসিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় হেলপার মনিরুল ইসলামের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার কুলপালা গ্রামের বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলামের মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের কপিল উদ্দিনের ছেলে। আলমডাঙ্গা থানার (ওসি) আলমগীর কবীর জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।