বশেমুরবিপ্রবি সংবাদদাতা
হল বন্ধ রেখে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে চতুর্থ বর্ষের পরীক্ষা সশরীরে নেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। এর আগে অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলেও তা বাতিল করে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপাতত চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতির মাধ্যমে হল না খোলার শর্তে পরীক্ষামূলকভাবে পরীক্ষা কার্যক্রম শুরু করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে পুরোপুরি স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সেই সঙ্গে তাদেরকে করোনা ভাইরাসের টিকা গ্রহণ সম্পর্কিত তথ্য বিভাগীয় সভাপতিকে অবহিত করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আগের নিয়মেই পরীক্ষা এবং নম্বর বণ্টন বহাল থাকবে এবং শিক্ষার্থীদের ফরম পূরণ ও রেজিস্ট্রেশনসহ অন্যান্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। এছাড়া চতুর্থ বর্ষের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে পর্যায়ক্রমে মাস্টার্সসহ অন্যান্য বর্ষের পরীক্ষাও একইভাবে গ্রহণ করা হবে।
