বিডার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
ইত্তেফাক রিপোর্ট
‘বিনিয়োগ অগ্রাধিকার মুজিববর্ষে বিডার অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর বিনিয়োগ বোর্ড ও বেসরকারিকরণ কমিশন একীভূত করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গঠিত হয়। বিডার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিডার মাল্টি পারপাস হলে, বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস। বিশেষ অতিথি হিসেবে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম পাঁচ বছরে বিডার অগ্রগতি ও অর্জন তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে ড. আহমদ কায়কাউস বলেন, গত ১২ বছরে আমাদের অর্থনৈতিক উত্কর্ষ বিশ্বব্যাপী সমাদৃত, একসময় উন্নত বিশ্বের যে দেশগুলো প্রভু রাষ্ট্রের মতো আচরণ করত, এখন তারা বন্ধুর মতো আচরণ করে। তাই বিদেশি বিনিয়োগের আগে আমাদের দেখতে হবে ঐ সেক্টরে আমাদের জনগণ, দেশ কতটুকু লাভবান হচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে এখন আমাদের দুর্বল সেক্টরগুলো চিহ্নিত করতে হবে। সেই সঙ্গে এসব খাতে আমাদের অধিক হারে বিনিয়োগ আহ্বান করতে হবে। আমাদের জনশক্তি, জনসম্পদ এবং অর্থনৈতিক উত্কর্ষের কারণে এখন আমাদের বিদেশিদের ওপর নির্ভর করতে হবে না, তারা এমনিতেই বিনিয়োগের জন্য প্রস্তুত, আমাদের শুধু বাধাগুলো দূর করতে হবে। এ সময়ে বিশেষ অতিথির বক্তব্যে, দুলাল কৃষ্ণ সাহা বলেন, এমন একটা সময় ছিল, যখন মানুষ ভিশন-২০২০, ডিজিটাল বাংলাদেশ, পদ্মা সেতু তৈরির কথা শুনে হাসত, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী আমাদের আলো দেখিয়েছেন এবং তার দৃঢ় নেতৃত্বে তা বাস্তবায়ন করে আমাদের সাহজ জুগিয়েছেন। ২০৩১ সালে আমরা উচ্চ-মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছি। সেই স্বপ্ন পূরণ করতে হলে বিনিয়োগের পাশাপাশি আমাদের দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। প্রতি বছর আমাদের নতুন ২২ লাখ তরুণ শ্রমশক্তিতে যোগ হয়, তাদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে।
