সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডোপ টেস্টের আওতায় আনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক নিয়মিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ বিষয়ে একটি নীতিমালা তৈরির জন্য ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ (সিন্ডিকেট সদস্য) টিটো মিঞাকে আহ্বায়ক করে একটি কমিটি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় উপাচার্য মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন।
বিশ্ববিদ্যালয়ের কয়েক জন সিন্ডিকেট সদস্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মাদকাসক্তদের চিহ্নিত করতে শিক্ষার্থীদের ডোপ টেস্টের আওতায় আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। কাজের প্রক্রিয়া সুনির্দিষ্ট করা ও নীতিমালা তৈরির জন্য ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে আহ্বায়ক করে কমিটি গঠন করে দিয়েছে সিন্ডিকেট।
এ বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ টিটো মিঞা বলেন, ‘এ ব্যবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও প্রতি বছর নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট করা হবে। এছাড়া পর্যায়ক্রমে প্রতিটি বর্ষের শিক্ষার্থীদের এক বার ডোপ টেস্ট করানো যেতে পারে। তবে এ সিদ্ধান্ত নিতে হবে সক্ষমতা অনুযায়ী। ডোপ টেস্ট করার জন্য এখন বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা নেই।
এদিকে সিন্ডিকেট সভায় শিক্ষাছুটি নিয়ে বিদেশে পিএইচডি করতে গিয়ে নির্ধারিত সময়ে না ফেরা এবং বিশ্ববিদ্যালয়ের পাওনা অর্থ পরিশোধ না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাফিজ জামানকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়।
