পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
রংপুর-ঢাকা মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি নৈশকোচে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নৈশকোচের চালক মনজুর হোসেন (৬২) ডাকাত দলের ছুরিকাঘাতে নিহত ও লিটন ইসলাম নামে এক যাত্রী আহত হয়েছেন। নিহত চালক রাজধানী ঢাকার লালবাগ এলাকার ভাড়াটিয়া। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ডাকাতির শিকার বাসটি ঢাকা মেট্রো-ব-১৫-৩৮১০। হানিফ এন্টার প্রাইজের। সুপার ভাইজার পইমুল ইসলাম, হেলপার বুলবুল, আহত যাত্রী লিটন ইসলাম জানান, রাত ৮টার দিকে গাবতলী বাস টার্মিনাল থেকে বাসটি ছেড়ে আসে। পথিমধ্যে সাভার বাসস্ট্যান্ড থেকে রাত ৯টার দিকে যাত্রীবেশে তিন জন ডাকাত কোচে ওঠে। রাত ১০টার দিকে চন্দ্রা বাসস্ট্যান্ড থেকে আরো দুই ডাকাত যাত্রীবেশে কোচে ওঠে। রাত ২টার দিকে কোচটি পীরগঞ্জ সীমানার ধাপেরহাট নামক স্থানের সন্নিকটে এলে চালকের কাছ থেকে কোচটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে ডাকাতদল। এতে চালক প্রতিবাদ করলে ডাকাতদল উপর্যুপরি চালককে ছুরিকাঘাত করে কোচটির নিয়ন্ত্রণ নেয়।
