বিএনপির সামনে এখন বড় দুই চ্যালেঞ্জ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২১:৫০

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে সীমিত পরিসরে শ্রদ্ধা নিবেদন, ভার্চুয়াল আলোচনাসভা, রক্তদানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি গতকাল বুধবার তাদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। এ উপলক্ষ্যে শ্রদ্ধা জানাতে সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারই এখন বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, ‘আজকে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আজকে নির্বাচন হয় না, নির্বাচন কমিশন একটা সম্পূর্ণ আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পুরো প্রশাসনকে দলীয়করণ                 করা হয়েছে, বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে। সার্বিক অর্থে একটি ছদ্মবেশী একদলীয় স্বৈরাচারী ব্যবস্থা এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। বিএনপি লড়াই-সংগ্রামের মধ্য দিয়েই আজকে ৪৩ বছর পার করে ৪৪ বছরে পা দিয়েছে। এখন বিএনপির সামনে বড় দুই চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলো হচ্ছে—দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা।’ মির্জা ফখরুল বলেন, ‘মামলা-গ্রেফতার-হত্যা-গুমের মধ্যেও বিএনপি আজকে নিঃসন্দেহে নিজের পায়ের উপর দাঁড়িয়ে আছে। আমরা এই সীমিত পরিসরের মধ্যেও আমাদের দলকে সংগঠিত করছি এবং রাস্তায় জনগণের যে দাবিদাওয়া আছে তা নিয়ে আন্দোলন করছি।’

এ সময় মির্জা ফখরুলের সঙ্গে মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও ইকবাল হাসান মাহমুদ টুকু ছিলেন। দলের নেতা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মেজর অব. আক্তারুজ্জামান, আমিনুল হক, রফিকুল আলম মনজু, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুও উপস্থিত ছিলেন এ সময়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও পরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও ঢাকা জেলার সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক এ সময় উপস্থিত ছিলেন।

জিয়ার কবর প্রসঙ্গে

মির্জা ফখরুল বলেন, ‘চন্দ্রিমা উদ্যানের কবরে জিয়ার লাশ আছে কি না, তা নিয়ে নতুন যে আলোচনা শুরু হয়েছে, তা জাতির জন্য দুর্ভাগ্যজনক। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের চ্যালেঞ্জ নিজেকে গ্রহণ করতে বলেন। উনি মুক্তিযোদ্ধা ছিলেন, ওটা উনি প্রমাণ করুক। লেট হিম প্রুফ দ্যাট হি ওয়াজ এ ফ্রিডম ফাইটার।’