টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ফারুক হত্যার আসামির কারা হেফাজতে মৃত্যু

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২১:৫১

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি আনিসুল ইসলাম রাজা (৪২) কারা হেফাজতে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার রাতে ঢাকার মিডফোর্ট হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

টাঙ্গাইলের জেল সুপার আবদুল্লাহ আল মামুন জানান, রাজা ফারুক হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর ২০১৪ সালের আগস্ট থেকে টাঙ্গাইল কারাগারে ছিলেন। গত আগস্টের মাঝামাঝি রাজার পেট ফুলে যায়। প্রথমে কারাগারের চিকিত্সক এবং পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে তার চিকিত্সা করানো হয়। জেনারেল হাসপাতালের চিকিত্সকরা উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়। পরে গত ১৮ আগস্ট তাকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ঐ কারাগারের হেফাজতে তাকে মিডফোর্ট হাসপাতালে ভর্তি করে চিকিত্সা দেওয়া হচ্ছিল। আনিসুল ইসলাম রাজা টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকার আমিনুল ইসলাম মোতালেবের ছেলে। রাজাকে ২০১৪ সালের ১৪ আগস্ট গোয়েন্দা পুলিশ ফারুক আহমেদ হত্যা মামলায় গ্রেফতার করে। দুই দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর তিনি এই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তিতেই এই হত্যার সঙ্গে তত্কালীন সংসদ সদস্য আমানুর রহমান খান ওরফে রানা এবং তার ভাইদের সম্পৃক্ততার বিষয়টি বের হয়ে আসে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৮ জানুয়ারি ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।