জিয়ার লাশ নিয়ে মিথ্যাচার করছে বিএনপি :মুক্তিযুদ্ধ মন্ত্রী

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২১:৫১

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি জিয়াউর রহমানের লাশ নিয়ে মিথ্যাচারের রাজনীতি করছে। তিনি বলেন, ব্যক্তি জিয়ার সঙ্গে কোনো বিরোধ নেই, তবে ইতিহাসের বিকৃতি চাই না। চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ নেই অথচ সেখানে শ্রদ্ধা জানাবেন, ইতিহাসের এমন বিকৃতি হতে দেওয়া যায় না।

গতকাল বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মহান মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডোদের বীরত্বগাথা ‘অপারেশন জ্যাকপট’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। এ সময় জিয়াউর রহমানের লাশ কবরে থাকলে ডিএনএ        টেস্ট করে প্রমাণ করতে বিএনপির প্রতি আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, জিয়াউর রহমান সাধারণ কোনো নাগরিক ছিলেন না, তিনি যেভাবেই হোক রাষ্ট্রপতি ছিলেন। কাজেই তার সে সময়ের কোনো ছবি থাকবে না, এটা হতে পারে না।

তিনি বলেন, সংসদ ভবনের আশপাশ থেকে জিয়ার তথাকথিত  মাজারসহ মূল নকশাবহির্ভূত  সব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য তিনি সংসদে বহুবার বক্তব্য দিয়েছেন। তিনি সংসদ ভবন এলাকা থেকে এসব নকশাবহির্ভূত  স্থাপনা সরিয়ে দ্রুত সময়ের মধ্যে সংসদ ভবনকে মূল নকশায় ফিরিয়ে আনার আহ্বান জানান।

মুক্তিযুদ্ধ মন্ত্রীর মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের প্রশ্ন তোলা নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য নজরুল ইসলাম খান (যিনি ’৭১ সালের ১৯ মার্চে গাজীপুরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ কমিটির কোষাধ্যক্ষ ছিলেন  আর মুক্তিযুদ্ধ মন্ত্রী আহ্বায়ক ছিলেন) এবং গাজীপুরের  বিএনপি নেতাদের কাছ থেকেই জেনে নিতে মির্জা ফখরুলকে  পরামর্শ দেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম এবং তার পরিবারের মুক্তিযুদ্ধের সময় কী ভূমিকা ছিল তা খতিয়ে দেখতেও মন্ত্রী সাংবাদিকদের পরামর্শ দেন।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, ‘অপারেশন জ্যাকপট’ গ্রন্থের লেখক মো. শাহজাহান কবির বীরপ্রতীকসহ নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।